কোভিড ভ্যাকসিন গ্রহণ করা বিদেশি মুসল্লিদের জন্য পবিত্র ওমরাহ হজ চালু করলো সৌদি আরব

0
কোভিড ভ্যাকসিন গ্রহণ করা বিদেশি মুসল্লিদের জন্য পবিত্র ওমরাহ হজ চালু করলো সৌদি আরব।

আজ ৯ আগস্ট থেকে সৌদি আরব শুধুমাত্র পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশি মুসল্লিদের কাছ থেকে ওমরাহ হজের আবেদন গ্রহণ করবে। সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এ তথ্য জানায়।

সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিদেশী মুসল্লিদের থেকে পবিত্র ওমরাহ পালনের জন্য আবেদন গ্রহণ করা শুরু হচ্ছে। এ আবেদন গ্রহণ শুরু হবে ৯ আগস্ট থেকে। তবে আবেদনের সময় অবশ্যই সৌদি আরব অনুমোদিত কোভিড ভ্যাকসিন গ্রহণের সনদপত্র যুক্ত থাকতে হবে। সৌদিতে বর্তমানে অবস্থানরত মুসল্লিদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

উল্লেখ্য, গত ৩০ জুলাই সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে জানানো হয়েছিল, দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করা বিদেশি পর্যটকদের জন্য সৌদি আরবের সীমান্ত খুলে দেওয়া হবে যা ১ আগস্ট থেকে কার্যকর। তবে শুধুমাত্র সৌদি সরকার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নেওয়া বিদেশিরাই দেশটিতে আসতে পারবেন।

কোভিড মহামারির পরিপ্রেক্ষিতে প্রায় দেড় বছর ধরে বিদেশি মুসল্লিদের জন্য সীমান্ত বন্ধ রেখেছিল সৌদি আরব। এবছর থেকে টিকা নেওয়ার শর্ত সাপেক্ষে বিদেশি মুসল্লিদের জন্য ওমরাহ পালনের সুযোগ উন্মুক্ত করছে সৌদি আরব সরকার।