এবারের কোপা আমেরিকায় সম্ভাবনার পাল্লা আর্জেন্টিনার দিকে ভারী। লিওনেল মেসি আছেন দারুণ ছন্দে। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলকে। শিরোপা থেকে মাত্র এক ম্যাচ দূরত্বে, তবু ভয়। বিপক্ষ দলটি যে ব্রাজিল! যারা আসরের এবং অবধি সবচেয়ে বেশি গোল দিয়েছে। ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড, ফরোয়ার্ড লাইনে চমৎকার ব্যালেন্স করে ম্যাচ ধরে ধরে ফাইনালে সেলেসাওরা।
পরিসংখ্যান কথা বলছে ব্রাজিলের পক্ষে। ফাইনালে মাঠে আসতে পারবে দর্শকরা। যা স্বাগতিকদের জোগাবে বাড়তি প্রেরণা। ১৯৭৫ সালের পর কোপায় নিজেদের মাঠে হারেনি ব্রাজিল। কোপার বর্তমান চ্যাম্পিয়নও তারা। ২০১৯ সালে সেমি ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েই ফাইনালে ওঠে ব্রাজিল।
অভিষেকের পর তিনবার কোপার ফাইনাল খেলেছেন বর্তমান সময়ে ফুটবলকে নেতৃত্ব দেওয়া আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ২০০৭ সালে ব্রাজিলের কাছে, ২০১৫ ও ২০১৬ সালে পরপর দুইবার চিলির কাছে পরাজয়ে স্বপ্ন ভাঙ্গে আলবিসেলেস্তেদের। ১৯৯৩ সালের কোপা আমেরিকা শিরোপা জয়ের পর ২৮ বছর ধরে ট্রফি খরায় ভুগছে লাতিন পরাশক্তিরা। এবার সুবর্ণ সুযোগ।
ম্যাচ মোটেই সহজ হবে না, তা জানে দুইদলই। ফাইনালের ভেন্যু মারাকানায় ১৯৫০ বিশ্বকাপের অলিখিত ফাইনালে উরুগুয়ের কাছে হারের পর আর কখনোই এই মাঠে বড়ো ম্যাচে পরাজয় বরণ করেনি ব্রাজিল। মারাকানা আবার প্রস্তুত রণক্ষেত্রের সকল উপকরণ নিয়ে। প্রস্তুত যোদ্ধারা। পরিসংখ্যান, সম্ভাবনা একপাশে ঠেলে জিততে হলে সেরাটাই দিতে হবে দুই জায়ান্টকে, আর্জেন্টিনাকে ভাঙতে হবে ৭১ বছরের পুরনো দেয়াল।














