উহানে ছয় দিনে এক কোটি মানুষের করোনা পরীক্ষা

0
উহানে ছয় দিনে এক কোটি মানুষের করোনা পরীক্ষা

করোনাভাইরাসের সংক্রমণের কেন্দ্র উহানে আবারো বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমণ ঠেকাতে এবার মাত্র ছয় দিনে এক কোটি ১০ লাখেরও বেশি মানুষের করোনা পরীক্ষা সম্পন্ন করেছে উহান কর্তৃপক্ষ। উহান শহরের কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এএফপি জানিয়েছে, দীর্ঘ এক বছর পর পুনরায় উহানে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এরপর সংক্রমণ ঠেকাতে শহর কর্তৃপক্ষ শহরের সকল বাসিন্দার ফের করোনা পরীক্ষার উদ্যোগ নেয়।

শহরটির প্রশাসন জানায়, প্রায় ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষকে গত সপ্তাহের মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত মাত্র ৭ দিনের মধ্যেই করোনা পরীক্ষার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে শহরটির প্রায় সকল বাসিন্দার টেস্ট সম্পন্ন হয়েছে হয়েছে। করোনা পরীক্ষা থেকে বাদ গেছে শুধুমাত্র গ্রীষ্মকালীন অবকাশে থাকা শিক্ষার্থীরা ও ছয় বছরের কম বয়সী শিশুরা।

শনিবার পর্যন্ত উহান শহরে ৩৭ জনের শরীরে করোনাভাইরাস জীবাণু শনাক্ত হয়েছে। এছাড়াও ছয় দিন ধরে চলা কোটি মানুষকে করোনা পরীক্ষায় উপসর্গহীন ৪১ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়। শহরজুড়ে চলা এ গণপরীক্ষায় প্রায় ২৮ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী নিযুক্ত ছিলেন। শহরজুড়ে নমুনা সংগ্রহের বুথ ছিল প্রায় ২ হাজার ৮০০টি।