শরীফুল ইসলাম
ছবিটা দেখেই বুক কেমন করে। ঠাকুরগাঁওয়ের সাংবাদিক ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানভীর হাসানের ছবি এটি। তার অপরাধ কী শুনবেন? ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগীদেরকে ৩০০ টাকার পরিবর্তে ৭০ টাকার সমপরিমাণ খাবার দেওয়া হচ্ছিলো। এটা নিয়ে নিউজ করার অপরাধে জাগো তানুকে আইসিটি এ্যাক্টের মামলায় গ্রেফতার করা হয়েছে।
বেদনার বিষয় হলো, স্ত্রীসহ অনেকদিন করোনা পজিটিভ ছিল তানু। গতকাল সকালেই নেগেটিভ হয়েছেন। এরপর রাতে গ্রেপ্তার। শ্বাসকষ্টে ভোগার পর গভীর রাতে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে এভাবে বেঁধে রাখা হয়।
পুলিশ বলছে, গত ৫ ও ৬ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের খাবার নিয়ে জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক তানভির হাসান তানু, রহিম শুভ ও আব্দুল লতিফ লিটু। এই ঘটনার পর গত ৯ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় তানভির হাসান তানু, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রহিম শুভ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত ব্যক্তিদেরও আসামি করা হয়।
সাংবাদিকতার একজন মানুষ হিসেবে ঠাকুরগাঁওয়ের এই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা ও গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে মামলা প্রত্যাহার ও তনুর নিঃশর্ত মুক্তির দাবি করছি।













