আগামী ১১ আগস্ট নিলামে উঠছে ৪০ বছর আগের একটি কেক। কেকটি সাধারণ কোনো কেক নয়। এটি যুবরাজ চার্লসের সঙ্গে প্রিন্সেস ডায়ানার বিয়ের কেক। প্রায় ৪০ বছর আগে ১৯৮১ সালের ২৯ জুলাই কেকটি কাটা হয়েছিল। এর মধ্যে একটি টুকরাকে এখনো যত্ন করে রাখা হয়েছে৷ এই টুকরোটিকেই তোলা হবে নিলামে। কেকের টুকরোর পাশে এখনও লেবেল সাঁটা রয়েছে- ‘হ্যান্ডল উইথ কেয়ার, প্রিন্স চার্লস-প্রিন্সেস ডায়ানা’জ ওয়েডিং কেক’।
জানা যায়, ব্রিটিশ রাজবাড়িতে ১৯৮১ সালের সেই বিয়ের দিনে মোট ২৩টি কেক কাটা হয়েছিল। মূল টেবিলেই রাখা ছিল ছিল এই পাঁচ ফুট লম্বা ফ্রুটকেক।
যে টুকরোটি নিলামে তোলা হবে, সেটি সেদিন খাওয়ার জন্য দেওয়া হয়েছিল রানির কর্মচারী মোয়রা স্মিথকে। মোয়রা ওই টুকরোটি না খেয়ে ২০০৮ সাল পর্যন্ত নিজের কাছে রেখে দেন। পরে এক সংগ্রাহক স্লাইসটি তার থেকে নিজের বাড়িতে চেয়ে রাখেন। এরপর ওই সংগ্রাহক ডমিনিক উইন্টার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন নিলামে তোলার জন্য।
লন্ডনের নিলাম সংস্থা ডমিনিক উইন্টারের হিসাব বলছে, ৩০০ থেকে ৫০০ পাউন্ড এর মধ্যে কেকটি বিক্রি হতে পারবে বলে তারা আশা করছে।
মজার ব্যাপার কেকের সেই টুকরোটি এখনো সম্পূর্ণ নিখুঁত হয়ে রয়েছে৷ যেনো সদ্য কাটা স্লাইস!














