জনপ্রিয় গল্প ও উপন্যাসের চরিত্রকে রূপালী পর্দায় কতবারই তো দেখেছি আমরা। কিন্তু গানের কোনো চরিত্রকে নিয়ে আস্ত সিনেমা কটাইবা হয়েছে? কলকাতায় দেখা গেছে একবার। ২০১১ সালে ‘রঞ্জনা’কে নিয়ে বড়োপর্দায় আসেন অঞ্জন দত্ত।
‘রঞ্জনা আমি আর আসব না’ সিনেমার মধ্য দিয়ে জীবন্ত হয়ে ওঠে রঞ্জনা চরিত্রটি। ১০ বছর বাদে ফের আসছেন অঞ্জন। নিজের সবচেয়ে বিখ্যাত ‘বেলা বোস’কে নিয়ে। সিনেমার নাম রাখা হয়েছে ‘বেলা বোসের জন্য’।
তবে বেলা চরিত্রটি কে অভিনয় করবেন সেটি এখনও জানাননি অঞ্জন দত্ত। অনেকের ধারণা, রঞ্জনায় অভিনয় করা পার্ণো মিত্রকেই দেখা যাবে বেলার ভূমিকায়। রঞ্জনা আমি আর আসব না দিয়ে অভিষেক ঘটেছিল পার্ণোর।
প্রথম ছবিতেই চরিত্রে মিলেমিশে একাকার হন। এবারও তাই পার্ণোই হয়ত প্রথম পছন্দ হবে অঞ্জনের। অঞ্জন দত্ত নিজেও অভিনয় করবেন সিনেমায়। সঙ্গীত পরিচালনায় থাকবেন নীল দত্ত।
আর ক’টা দিন, তার পর সত্যিই আসবেন বেলা বোস। নতুন বোতলে পুরনো মদের সুবাস ছড়িয়ে।














