সামনে বিসিবির চ্যালেঞ্জিং টাইম

0
বিসিবি

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের প্রাপ্তি অনেক। শততম টি-টোয়েন্টিতে জয়, পূর্ণাঙ্গ সিরিজে তিন ফরম্যাটের সবকটিতে প্রথমবার সিরিজ জয়, সাকিব-সৌম্য-রিয়াদ-লিটনের ফর্মে ফেরা। সিনিয়রদের পাশাপাশি জুনিয়রদের নিজেদের উজাড় করার মানসিকতায় সাফল্যের ষোলকলা পূর্ণ।

হারারেতে শেষ টি-টোয়েন্টি ম্যাচে বিশাল রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে উন্নতি করাবার পুরস্কার পাচ্ছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাড়তে পারে চুক্তির মেয়াদ, ইঙ্গিত আকরাম খানের।

জিম্বাবুয়ে সিরিজ নিয়ে তৃপ্তির ঢেঁকুর তোলার খুব বেশি অবকাশ নেই। কয়েকদিন বাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ। করোনা ইস্যুতে অজিদের দেওয়া নানান শর্তে মাঠের চেয়ে মাঠের বাইরে গুরুত্ব বেশি এই সিরিজের।

বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘অনিশ্চয়তা কাটিয়ে অস্ট্রেলিয়া আসছে। এটি আমাদের প্রাপ্তি’। ভেন্যু নির্ধারিত আগে থেকে, পাঁচ ম্যাচের সবগুলো হবে মিরপুরে। সময় নির্ধারণ হলো এবার। আকরাম জানালেন, সম্ভাব্য সময় সন্ধ্যা ছয়টা। কোয়ারেন্টাইন জটিলতায় ফলে মুশফিকুর রহিমের না থাকাও একপ্রকার নিশ্চিত করলেন সাবেক অধিনায়ক।

অস্ট্রেলিয়ার পর আসছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। সামনের সময়টা বেশ চ্যালেঞ্জিং বিসিবির জন্য। চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলকে দুবাইতে ক্যাম্পেইন করানোর পরিকল্পনা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আকরাম খান আশাবাদী, বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ।