বিরতির পর আজ সোমবার সন্ধ্যা ছয়টায়র ম্যাচে খুলনা টাইটানসের প্রতিপক্ষ রাজশাহী কিংস। ম্যাচ সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও মাছরাঙা টিভি।

দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে রাজশাহী কিংসের মুখোমুখি হচ্ছে খুলনা টাইটানস। ৮ ম্যাচে ৫ জয়ে ১১ পয়েন্ট সংগ্রহ করেছে গতবার তৃতীয় হওয়া দলটি। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে রাজশাহী কিংস।
এবারের বিপিএলে খুলনার সঙ্গে প্রথম লড়াইয়ে রাজশাহী হার মেনেছিল ২ উইকেটে। চাপের মধ্যে থাকা রাজশাহী আগের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে। চট্টগ্রামে আরেকটি সাফল্যের সন্ধানে রাজশাহী কিংস। দলটির ব্যাটসম্যান মুমিনুল হক বলেছেন, ‘গত আসরে আমরা চট্টগ্রামে এসে জয়ের দেখা পেয়েছিলাম। এবার এখানে আমরা প্রথম ম্যাচেই জিতেছি। চট্টগ্রামে আরও দুটি ম্যাচ আছে। আশা করি, খুলনার বিপক্ষে জয়যাত্রা অব্যাহত থাকবে। সাফল্য নিয়েই আমরা ঢাকায় ফিরতে চাই।’
খুলনা টাইটানসও জয় পেতে মরিয়া। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী আবু জাহেদ রাহীর আশাবাদ, ‘আমরা লিগ পর্বে এক বা দুইয়ে থেকে সেরা চার নিশ্চিত করতে চাই। আর সেজন্য রাজশাহীকে হারানো প্রয়োজন। আশা করি, পরিকল্পনা মতো পারফর্ম করে জয় নিশ্চিত করতে পারবো।’
অন্য ম্যাচটি চিটাগং ভাইকিংসের জন্য বাঁচা-মরার লড়াই। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে স্বাগতিকদের। ৮ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে চট্টগ্রামের দলটি।
সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকলেও ঢাকা ডায়নামাইটস তেমন স্বস্তিতে নেই। মিরপুরে শেষ দুই ম্যাচে হার ঢাকার অস্বস্তির কারণ। শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে বর্তমান চ্যাম্পিয়নদেরও আজ জয় চাই।














