নতুন দল হিসেবে রংপুরের ঘরে শিরোপা ওঠবে; নাকি তিনবারের চ্যাম্পিয়ন ঢাকার কাছেই থাকবে শ্রেষ্ঠত্বের মুকু? সেই প্রশ্নের সুরাহা করতেই আজ সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে দু’দল।

এর আগে প্রথম কোয়ালিফায়ার জিতে ৮ ডিসেম্বরই ফাইনালের টিকিট কাটা হয়ে গেছে ঢাকা ডায়নামাইটসের। ঢাকার হয়ে ফাইনালে নামার দুদিন আগেই বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব।
অন্যদিকে বৃষ্টি নিয়ে নাটকীয়তার পর দু’দিনে হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের মধ্যে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। সেই ম্যাচে গতকাল তামিম ইকবালের কুমিল্লাকে হারিয়ে ফাইনালে ওঠেছে মাশরাফি বিনমর্তুজার রংপুর।
সিলেটে রাজশাহী কিংসকে ছয় উইকেটে হারিয়ে চলতি বিপিএলে শুরুটা খারাপ হয়নি রংপুরের। তবে এরপর পরে টানা তিন ম্যাচে হেরে ধুকতে থাকে। শেষ পর্যন্ত ১২ ম্যাচে ৬ জয় নিয়ে কোনোভাবে শেষ চারে জায়গা পাওয়া রংপুরই এখন শিরোপার দাবিদার! লিগ-পর্বে খুব ভাল খেলতে না পারলেও শেষ চারে রংপুর আবির্ভূত হয়েছে দুর্দান্ত এক দল হিসেবে।














