আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল গোপনীয় কাগজপত্র এবং সরঞ্জাম আগুনে পুড়িয়ে দেওয়ার নির্দেশ প্রদান করেছে যুক্তরাষ্ট্র। তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
এতে বলা হয়, ওই সব নথি ব্যবহার করে শত্রুপক্ষ উদ্দেশ্যমূলক প্রচারণা চালাতে পারে বলে যুক্তরাষ্ট্র মনে করছে। ফলে এ ধরণের সকল নথিপত্র যত দ্রুত সম্ভব ধ্বংস করা প্রয়োজন বিধায় এ আদেশ প্রদান করা হয়েছে। আদেশটি একটি নোটিশ আকারে কাবুলে অবস্থিত দূতাবাস কর্মীদের কাছে পাঠিয়েছে মার্কিন প্রশাসন।
এদিকে, আফগানিস্তানের রাজধানীতে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্মী এবং অন্যান্য বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে কয়েক হাজার আমেরিকান সৈন্য কাবুলে অবতরণ করেছে। একজন মার্কিন কর্মকর্তার সূত্রে তথ্যটি উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের সূত্র মতে, উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ থেকে কুয়েতে চলে যাবে একটি পদাতিক ব্রিগেড দল। এই দল প্রয়োজনে কাবুলের নিরাপত্তার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার বাহিনী হিসেবে কাজ করতে সক্ষম।














