আজ সোমবার নাইটক্লাব-কাণ্ডে হেলসের বিপক্ষে কোনো মামলা চলবে না বলে ঘোষণা দেয় পুলিশ। এর আগে গত সেপ্টেম্বরে ব্রিস্টলে নাইটক্লাবের বাইরে বিতর্কিত কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন বেন স্টোকস। সেই সময় তার সঙ্গে ছিলেন সতীর্থ অ্যালেক্স হেলস। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এটি নিশ্চিত করেছে।
ব্রিস্টলের ঘটনার মূল অভিযুক্ত স্টোকস। তার ব্যাপারে এখনো কোনো ঘোষণা মেলেনি পুলিশের পক্ষ থেকে। মামলা চলায় ইংল্যান্ডের চলমান অ্যাশেজ সিরিজের অংশ হতে পারেননি স্টোকস।
২৮ বছর বয়সী হেলস সেই বিতর্কিত ঘটনায় গ্রেপ্তার না হলেও পুলিশ তাকে জিজ্ঞাবাদ করে। পুলিশের পক্ষ থেকে ছাড়পত্র মেলায় ইংল্যান্ড জাতীয় দলে জায়গা করে নিতে তার আর কোনো বাধা রইল না।
ইংল্যান্ড জাতীয় দলের ওয়ানডে এবং টি-টোয়েন্টি স্পেশালিস্ট হেলস সর্বশেষ ২০১৬ সালের আগস্টে দেশের জার্সিতে টেস্ট খেলেছেন। অস্ট্রেলিয়া সিরিজে ইংল্যান্ডের সীমিত ওভারের দলে জায়গা করে নিতে পারেন তিনি। আগামী বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। এরপর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবে ইংলিশরা।














