মেসি আর নেইমারের সম্পর্কটা গুরু-শিষ্যের, সম্পর্কটা বন্ধুত্বের। কিন্তু লড়াই যখন দেশের জন্য, সম্পর্কের সিন্দুকে তালা মেরে মাঠে নামবে ওরা। কোপা একুশের ফাইনালে দেশকে তুলতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মেসি নেইমার দুইজনই।
চার গোল, পাঁচ অ্যাসিস্টে টুর্নামেন্টে সৌন্দর্যের ফুল ফুটিয়ে চলেছেন লিও। দুই গোল, তিন অ্যাসিস্টে পিছিয়ে নেই নেইমার। দুই সেরায় উজ্জীবিত হয়ে চনমনে মেজাজে আছে ব্রাজিল আর্জেন্টিনা। মঞ্চটা ফাইনাল হওয়াতে খুব বেশি আনন্দিত হবার সুযোগ নেই।
সবাই জানে, মেসিকে আটকাতে পারলে আর্জেন্টিনার জন্য কঠিন হবে শিরোপা জয়। তেমনিভাবে নেইমারকে বাক্সবন্দী করলে আত্মবিশ্বাসে ভাটা পড়বে ব্রাজিলের। কাজটা সহজ নয়। বাঘা বাঘা ডিফেন্ডারদের নাকানি চুবানি খাওয়ানো ওদের রুটিন ওয়ার্ক।
বন্ধুত্বকে ডাগআউটে রেখে দেশের জন্য লড়তে প্রস্তুত দুই তারকা। সেমি ফাইনালে ম্যাচ সেরা পারফর্ম করে শেষ হার্ডলে দাঁড়িয়ে তারা। তাদের সঙ্গ দিতে সহযোদ্ধারা তৈরি। ম্যাচের আগে পরের উষ্ণ আলিঙ্গনে মেসি নেইমার নিজেদের বাঁধলেও নব্বই মিনিটে বিনা যুদ্ধে নাহি দেবে সূচাগ্র মেদিনী।














