টানা বৃষ্টিতে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ভূমিধসের পর মৃত্যু বেড়ে অন্তত ১১২ জনে দাঁড়িয়েছে। এদিকে টানা বৃষ্টির জন্য রাজ্যের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় শত শত গ্রামও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার খবর মিলেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশটির পশ্চিম উপকূলীয় এলাকায় ৫৯৪ মিলিমিটার (২৩ ইঞ্চি) বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরের রায়গড়ে তিনটিসহ অন্তত নয়টি স্থানে ভূমিধস হলে এসব মানুষের প্রাণহানি ঘটে।
এছাড়া রাজ্যটির সাতারা ও রায়গর জেলায় বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে আরও কয়েক ডজন মানুষ আটকা পড়েছেন। এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে খবর মিলেছে।
অন্যদিকে ‘সাতারা, রায়গর ও রত্নাগিরি জেলার বেশ কিছু স্থানে উদ্ধার অভিযান চলছে।
মুম্বাইয়ের সঙ্গে ভারতের প্রযুক্তি কেন্দ্র বেঙ্গালুরু শহরের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি জাতীয় মহাসড়কে হাজার হাজার ট্রাক আটকা পড়ার ঘটনাও পাওয়া গিয়েছে এর মধ্যে। অনেক জায়গায় সড়ক পানির নিচে তলিয়ে গেছে বলে খবর এসেছে নানান ভারতীয় সংবাদমাধ্যমে।














