পবিত্র ইদুল আজহা উপলক্ষ্যে গুণী উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত নির্মাণ করেছেন নাটক। নাটকের নাম ‘যুগের হুজুগে’। নাম ‘যুগের হুজুগে’। সম্প্রতি হানিফ সংকেতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানা যায়।
যুগের হুজুগে মূলত পারিবারিক গল্পে সামাজিক বক্তব্য নির্ভর একটি নাটক। বরাবরের মতোই হানিফ সংকেতের সোশ্যাল মেসেজ থাকছে। একটি পরিবারের বাবা-মা, ছেলে, ছেলের বউ ও তাদের সন্তানকে নিয়ে এগোয় নাটকের গল্প।
নির্মাতা হানিফ সংকেত বলেন, ‘আমি নিয়মিত নাটক করি না। বছরে দুইটি নাটক নির্মাণ করি। এমনভাবে নির্মাণের চেষ্টা রাখি, যেন পরিবার পরিজন মিলে দেখতে পারে’।
প্রযুক্তির যেমন সু-যুক্তি আছে, তেমনি আছে কু-যুক্তি। কেউ নাচে যুগের তালে, কেউ হুজুগে। প্রযুক্তির প্রভাবে সম্পর্কের কেমন অবনতি ঘটে সেসব বিষয় নাটকে তুলে ধরার চেষ্টা করেছেন হানিফ সংকেত।
নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শামিম, মীর সাব্বির, সারিকা সাবরিন প্রমুখ। ইদের দিন রাত ৮:৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে নাটকটি।














