আলোচিত তামিল সিনেমা বিক্রম ভেদার বলিউড রিমেকে অভিনয় করবেন সাইফ আলী খাও হৃত্বিক রোশান। বলিউড ক্রিটিক তারাণ আদর্শ টুইট বার্তায় নিশ্চিত করেন তা। নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন পরিচালক দম্পতি পুস্কর-গায়ত্রী। মূল ছবিটিও তারাই পরিচালনা করেন।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বিক্রম ভেদা মূলত গ্যাংস্টার ক্রাইম থ্রিলার। পুলিশ অফিসার বিক্রম চরিত্রে অভিনয় করেন আর মাধবন এবং গ্যাংস্টার ভেদার ভূমিকা রূপায়ন করেন বিজয় সেদুপতি। ছবিটি ভক্ত সমালোচক সকল মহলে প্রশংসিত হয় এবং বক্স অফিসে অসামান্য সাফল্য পায়।
হৃত্বিক রোশান অভিনয় করবেন বিজয়ের চরিত্রটিতে, পুলিশ হিসেবে থাকবেন সাইফ আলী খান। ছবিতে সাইফের সাথে আমির খানের অভিনয় করার কথা থাকলেও আমির সরে আসেন। হৃত্বিক চূড়ান্ত হওয়ার ফলে প্রায় ২০ বছর পর আবারও তাকে পর্দায় একসাথে দেখা যাবে সাইফের সাথে। সর্বশেষ ২০০২ সালে দুইজন কাজ করেন ‘না তুম জানো না হাম’- সিনেমায়।
করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে নতুন সিনেমার শ্যুটিং শুরু হবে শীঘ্রই। সব ঠিকঠাক থাকলে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে পারে ছবিটি।














