৭২ ঘণ্টায় ৫ প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান

0
৭২ ঘণ্টায় ৫ প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান

পূর্বের দু’টির পর তালেবানের হাতে পতন হয়েছে আফগানিস্তানের আরও তিনটি প্রাদেশিক রাজধানীর। সবমিলিয়ে পাঁচটি প্রাদেশিক রাজধানী মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে দখল নিল তালেবান।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, রোববার ২৪ ঘণ্টায় কুন্দুজ, সার-ই-পল ও তাকহার প্রদেশের রাজধানীতে হামলা চালিয়ে নিজেদের দখলে নেয় তালেবান। এদের মধ্যে কুন্দুজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর পূর্বেও তালেবান ২০১৫ ও ২০১৬ সালে কুন্দুজ শহরের দখল নিয়েছিল। তবে সরকারি বাহিনী সেসময় বিদেশি সেনাদের সাথে যুদ্ধের মাধ্যমে কুন্দুজ পুনরুদ্ধার করে।

এর পূর্বে শনিবার আফগানিস্তানের জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানের নিয়ন্ত্রণ নিয়েছিল সশস্ত্র সংগঠনটি। আগের দিন শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখলে নিয়েছিল তালেবান।

রোববার কুন্দুজ দখল নিয়ে একটি বিবৃতিতে তালেবান জানিয়েছে, তুমুল লড়াইয়ের পর মুজাহিদিনরা আল্লাহর রহমতে কুন্দুজের রাজধানী দখল করেছেন।

তালেবানের পৃথক আরেক বিবৃতিতে জানায়, মুজাহিদিনরা সার-ই-পল শহর দখল করেছেন। তারা সেখানকার সরকারি ভবন ও স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি বলছে, আফগানিস্তানের উত্তরাঞ্চলকে দীর্ঘদিন ধরে তালেবানবিরোধী শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হত। বর্তমানে কাবুলের উত্তরাঞ্চল ধরে রাখতে না পারা সরকারের দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকার জন্য কঠিন হিসেবে গণ্য করা হতে পারে।