আবারো গ্রেফতার সেই বেবী বেগম!

0

গত মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে মোংলা পৌর শহরের মুরগি বাজার সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক যৌথ অভিযানে মাদকসহ বেবী বেগম (৩২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকের পর ভ্রাম্যমাণ আদালত তাকে সাড়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মুরগি বাজার এলাকায় একই সাথে অভিযান চালায় নৌবাহিনী, কোস্টগার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশ। এসময় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বেবী বেগমের বসতঘরে তল্লাশি চালানো হলে সেখান থেকে আড়াইশ গ্রাম গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই নারীকে নগদ ২০ হাজার টাকা জরিমানাসহ তিন মাসের কারাদণ্ড দেন। কিন্তু ওই নারী নগদ টাকা দিতে না পারায় আরও পনের দিনের সাজা বাড়িয়ে তাকে সাড়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, বেবী বেগমের বিরুদ্ধে থানায় আরো সাতটি মাদকের মামলা রয়েছে। কিছুদিন আগেই মাদকসহ বেবীকে আটক করে জেলহাজতে পাঠায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। কিন্তু সেই মামলায় জামিন নিয়ে বের হয়ে এসে বেবী আবারো মাদকের কারবার শুরু করেন।