ঈদের দিন নুডুলস আনতে গিয়ে লাশ হয়ে ফিরলো এক শিশু

0
ঈদের দিন নুডুলস আনতে গিয়ে লাশ হয়ে ফিরলো এক শিশু

হবিগঞ্জের মাধবপুরে পবিত্র ঈদুল আজহার দিন সকালে দোকান থেকে নুডুলস আনতে গিয়ে নিখোঁজ হওয়া শিশু তাহমিনা আক্তার লিজার (১০) অর্ধগলিত লাশ একটি জঙ্গলে পাওয়া গেছে বলে জানা গেছে। মাধবপুরের ধর্মঘর ইউনিয়নের আলাবই গ্রামের একটি জঙ্গল থেকে রবিবার বিকালে পুলিশ লাশটি উদ্ধার করে।

শিশুটির মা সেলিনা আক্তার জানান, ঈদের দিন সকালে তিনি মেয়ে লিজাকে দোকান থেকে নুডুলস আনতে পাঠান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরেরদিন বৃহস্পতিবার মেয়ে নিখোঁজের বিষয়ে থানায় একটি জিডি করেন তিনি। অবশেষে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশী এক নারী আলাবই জঙ্গলমুড়া নাম স্থানে লাকড়ি কুড়াতে গিয়ে শিশুটির লাশ দেখতে পায়।

পরবর্তীতে পুলিশে সংবাদ দেওয়া হলে মাধবপুর চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, পরির্দশক (তদন্ত) আমিনুল ইসলাম ও পিবিআইয়ের প্রতিনিধি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

ঘটনাস্থলে যাওয়া একজন পুলিশ কর্মকর্তা এ বিষয়ে জানান, এটি হত্যাকাণ্ড। তবে কী কারণে এই ঘটনা ঘটল তা বের করতে চেষ্টা চলছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।