কুমিল্লা জেলার হোমনা উপজেলার এক ইউপি চেয়ারম্যান এক নারীকে করোনাভাইরাসের টিকা পুশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন । এসব ছবি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হলে সমালোচনার মুখে পড়েছেন তিনি। হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, ৭ আগষ্ট ভাষানিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম এক নারীর শরীরে করোনাভাইরাসের টিকা পুশ করেন। তার পাশে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরাও দাঁড়িয়ে ছিলেন।
একইদিনে গণটিকা কার্যক্রম উদ্বোধন করেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুস ছালাম সিকদার, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, ইউপি চেয়ারম্যান কামরুলসহ পরিষদের অন্যান্য সদস্যরা।
করোনার টিকা পুশের বিষয়ে চেয়ারম্যান কামরুল গণমাধ্যমকে জানান, টিকা পুশ না করে জনসচেতনতা বাড়াতে অভিনয় করে ছবি তুলেছিলেন তিনি। তাছাড়া এ বিষয়ে তার প্রশিক্ষণও রয়েছে। কেউ বিষয়টি নিয়ে অভিযোগও করেনি। চেয়ারম্যানের ভাষ্যমতে, বিরোধী একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে দিয়েছে।
তবে ইউএনও রুমন দে জানান, চেয়ারম্যান কামরুলের এক নারীকে টিকা দেয়ার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার কথা শুনেছেন তিনি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খোঁজ নিয়ে বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এর আগেও কুমিল্লা সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাদিয়া নাসরিন তার নিজ কার্যালয়ে শতাধিক মানুষকে করোনাভাইরাসের টিকা দিয়ে সমালোচিত হয়েছিলেন।














