মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ড মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার

0
মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ড মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার

মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ড মামলায় মোংলার মিঠাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফ ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার দুপুরে পৌর শহরের চৌধুরী মোড় এলাকা থেকে হত্যাচেষ্টা, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলায় এ সন্ত্রাসী চেয়ারম্যানকে গ্রেপ্তার করে মোংলা থানা পুলিশ।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

থানা সূত্র হতে জানা যায়, মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মো. আরিফ ফকির তার এলাকায় ঢাকাইয়া নামের একটি চিংড়ি ঘের নিয়ে এলাকাবাসীর সাথে দ্বন্দ্বে জড়িত হয়। এ নিয়ে প্রতিবাদ করায় ১৩ জুলাই রাতে আরিফ তার সন্ত্রাস বাহিনী নিয়ে কৌশলে দুই যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে সাইকেল চোর বলে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে পরের দিন তদন্তে যায়। এবং তদন্তে আসল রহস্য বেরিয়ে আসে।

গত শনিবার রাতে ১১ জনের বিরুদ্ধে করা মামলায় প্রধান আসামি করা হয় মো. আরিফ ফকিরকে। দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন তিনি। মারধর ও হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি হলেও ক্ষমতার বলে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন সন্ত্রাসী আরিফ। রোববার মোংলা পৌর শহরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার জানান, পরিকল্পিত হত্যার চেষ্টা ও মারধর মামলায় আরিফ যদি চার্জশিটভুক্ত আসামি হন তাহলে তাকে সদস্য পদ (মেম্বার) থেকে সাময়িক বরখাস্ত করা হবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।