মৃত্যুর পূর্বে খুনির নাম ও পরিচয় বলে গেলেন তিনি

0
মৃত্যুর পূর্বে খুনির নাম ও পরিচয় বলে গেলেন শরীফ

সোমবার (১৯ জুলাই) শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে শরীফ নামে এক যুবক খুনের ঘটনায় তারই বন্ধু সজিবকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

জানা যায়, নিহত শরীফ গত শনিবার মৃত্যুর আগ মুহূর্তে বন্ধু সজীব তাকে ছুরিকাঘাত করেছে বলে জবানবন্দি দেন।

শরীফের দেওয়া এ জবানবন্দির সূত্র ধরে সজীবকে গ্রেফতার করার অভিযানে নামে পুলিশ। অবশেষে ঘটনার ৩১ ঘণ্টার মাথায় গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক সজীবকে সোমবার ভোর ৪টার দিক শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে গ্রেফতার করতে সক্ষম হয় শ্রীমঙ্গল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ওই সময় সজীব ট্রেনযোগে পালানোর চেষ্টা করছিলেন। তবে এর আগে শ্রীমঙ্গলের কলেজ রোডে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে প্রেসক্লাবের সামনে শরীফ ছুরিকাহত হন।

এসময় কয়েকজন পথচারী আহতকে উদ্ধারের জন্যে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন ও তার ফোর্স। পরবর্তীতে তারা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে জানা গেছে, আহত অবস্থায় শরীফ তার নাম পরিচয় এবং খুনির নাম প্রকাশ করেন এক সাংবাদিকের কাছে। উনিই মূলত পরিবার নিয়ে যাওয়ার পথে শরীফকে পড়ে থাকতে দেখেন।

থানা পুলিশের সূত্র হতে জানা যায়, নিহত শরীফের একটি দামী মোবাইল ফোন হারিয়ে গেলে বন্ধু সজীব সেটি চুরি করেছে এমন ধারণা থেকে দুই বন্ধুর মধ্যে ঝগড়া-বিবাদ হয়। পরবর্তীতে শনিবার দুপুরে তারা এ বিষয়ে কথা বলার জন্য শহরের একটি হোটেলে রুম ভাড়া করে মদ্যপান করেন।

কিন্তু সেখানেও বিবাদ মিমাংসা না হওয়ায় সন্ধ্যায় দুই বন্ধু কলেজ রোড প্রেসক্লাবের সামনে আবারও বিবাদে জড়িয়ে পড়েন। তবে এবার বিবাদের এক পর্যায়ে উভয়ে দুটি ছুরি বের করে পরস্পরকে হামলা করার চেষ্টা করেন। শেষমেষ হাতাহাতির এক পর্যায়ে সজীব শরীফের বুকে ছুরি বসিয়ে দিয়ে পালিয়ে যান। অপরদিকে সেখানে শরীফ মাটিতে লুটিয়ে পড়েন।