মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা জানিয়েছেন, ১৫ আগস্ট হত্যাকান্ডের ষড়যন্ত্রকারী ও নেপথ্য কুশীলবদের খুঁজে বের করতে কমিশন গঠন করতে হবে। এই হত্যাকন্ডের সাথে জড়িত ও সুবিধাভোগীদের মুখোশ উম্মোচন করে জনগণের সামনে তাদের আসল পরিচয় তুলে ধরতে হবে। ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে ও বিদেশে পলাতক বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে হবে।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা একথা বলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, মহাপরিচালক জ্যোতি লাল কুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস, অতিরিক্ত সচিব ফরিদা পারভীন ও জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাকসুরা নূরসহ মন্ত্রণালয় ও দপ্তর- সংস্থার কর্মকর্তাবৃন্দ।
সভায় প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, “স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু যখন অর্থনৈতিক মুক্তি ও সবুজ বিপ্লবের ডাক দিলেন তখনই ষড়যন্ত্রকারীরা জাতির পিতাকে হত্যা করে। পরাজয়ের গ্লানি মোচনের জন্য মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। সপরিবারে হত্যার কারণ ছিল বঙ্গবন্ধুর পরিবারের নেতৃত্বে যেন স্বাধীনতার মূল্যবোধ ও শক্তি এদেশে আর ঘুরে দাড়াতে না পারে।”














