আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার থেকে শুরু হবে দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস রেলসেতুতে ট্রেন চলাচল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতু দুটির উদ্বোধন করবেন।

সেই সঙ্গে খুলনা-কলকাতা রুটে চালু হবে বন্ধন এক্সপ্রেস নামে নতুন একটি ট্রেন সার্ভিস। একই দিন থেকে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসও চলবে বিনা বাধায়।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকায় শেখ হাসিনা ও দিল্লিতে নরেন্দ্র মোদি নিজ নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই চার প্রকল্প উদ্বোধন করবেন। তাদের সঙ্গে এই উদ্বোধন অনুষ্ঠানে কলকাতা থেকে যুক্ত হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের রেল মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে, আজ বৃহস্পতিবার থেকে সহজ হচ্ছে ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে যাতায়াত। তিন ঘণ্টা যাত্রা সময় কমছে। এতদিন চুয়াডাঙ্গার দর্শনা ও মুর্শিদাবাদের গেদে সীমান্তে মৈত্রী এক্সপ্রেসের যাত্রীদের ইমিগ্রেশন ও কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হতো। এখন ঢাকা থেকে ট্রেন ছাড়ার আগেই বাংলাদেশ অংশের ইমিগ্রেশন সম্পন্ন হবে।
গন্তব্য শেষে কলকাতায় হবে ভারতীয় অংশের ইমিগ্রেশন। আজ বৃহস্পতিবার থেকে খুলনা-কলকাতা রুটে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বন্ধন এক্সপ্রেস।
আগামী ১৬ নভেম্বর থেকে নিয়মিত শিডিউলে ট্রেনটি চলাচল করবে। এতে আসন সংখ্যা ১৫৬টি। শীতাতপ নিয়ন্ত্রিত বার্থের ভাড়া হবে এক হাজার ৫০০ টাকা। শীতাতপ নিয়ন্ত্রিত আসনের ভাড়া এক হাজার টাকা। দিল্লিতে উদ্বোধন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পররাষ্ট্র সচিব এস জয়শংকর উপস্থিত থাকবেন। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও অনুষ্ঠানে থাকবেন।
এদিকে কলকাতা স্টেশনে একই সঙ্গে আন্তর্জাতিক রেল টার্মিনাল, অভিবাসন ও কাস্টমস পরিসেবা উদ্বোধন করা হবে। কলকাতা রেলস্টেশনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও ভারতীয় রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুদীপ বন্দ্যোপাধ্যায়, স্থানীয় বিধায়ক মালা সাহা প্রমুখ।
বন্ধন এক্সপ্রেস চালুর মধ্য দিয়ে দীর্ঘ ৫২ বছর পর খুলনা ও কলকাতার মধ্যে আবার চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর এই ট্রেনটি বন্ধ হয়ে যায়। গত ৮ এপ্রিল পরীক্ষামূলকভাবে এই যাত্রীবাহী ট্রেনটি কলকাতা-খুলনা রেলপথে চালানো হয়।














