আর্জেটিনার জয়ে ব্রাহ্মণবাড়িয়ায় স্বল্প পরিসরে আনন্দ মিছিল

0

আজ শনিবার সকালে কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এই খেলাকে কেন্দ্র করে উত্তেজনা-সংঘাতের প্রেক্ষাপটে গতকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের টহল বাড়ানো ও মাইকিংয়ের মতো ঘটনা ঘটেছিল। তাই আজ দুপুর ১টা পর্যন্ত এখনো জেলার কোথাও কোনো বিশৃঙ্খলা বা সংঘাতের খবর পাওয়া যায়নি। তবে শিরোপা জেতার আনন্দে আর্জেন্টিনার সমর্থকদের অনেকেই কোথাও কোথাও পুলিশের নির্দেশনা অমান্য করে আনন্দ মিছিল করেছেন।
স্থানীয় সূত্র হতে জানা যায়, আজ রবিবার সকাল আটটার দিকে জেলা শহরের কাজীপাড়া, দক্ষিণ মৌড়াইল ও পূর্বপাইকপাড়া এলাকায় মহল্লার ভেতরে আর্জেন্টিনা সমর্থকেরা স্বল্প পরিসরে আনন্দ মিছিল করেন। কিন্তু পুলিশের ভয়ে কেউই মিছিল নিয়ে শহরের প্রধান সড়কে যাননি। খেলায় হারের পর ব্রাজিল সমর্থকদের পাল্টা কোনো তৎপরতাও দেখা যায়নি।
জানা গেছে, ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে ২৮বছর পর কোপা আমেরিকার শিরোপা জয়ের আনন্দে খেলা শেষ হওয়ার পরপরই জেলা শহরের দক্ষিণ মৌড়াইলের বউবাজার মোড়ে অন্তত ২০-২৫ জন আর্জেন্টিনার সমর্থক আনন্দ মিছিলে নামেন। তবে মিছিল শুরুর কয়েক মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে চলে আসলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ছাড়া শহরের পূর্বপাইকপাড়া ও কাজীপাড়ায় এলাকায়ও আনন্দ মিছিল করেন আর্জেন্টিনার সমর্থকেরা।
প্রসঙ্গত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাসহ জেলার নয়টি উপজেলার প্রতিটি থানা–পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল খেলা নিয়ে বিশৃঙ্খলা এড়াতে এই মাইকিং করান। এ সময় পুলিশ সদস্যদেরকে জিপ গাড়িতে এবং থানার পক্ষ থেকে রিকশা, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশার মাধ্যমে মাইকিং করানো হয়। গত শনিবার দিনভর জেলার ১১৬টি বিটে মাইকিং করানো হয়। আরো জানা যায়, ফাইনাল খেলাকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিশৃঙ্খলা এড়াতে ১১৬টি বিটে পুলিশের দলও মোতায়েন করা হয়। প্রতিটি বিটে একজন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও দুজন কনস্টেবল ছিলেন। এছাড়াও আজ ভোররাত থেকে পুলিশের আরও ৪০টি বিশেষ টহল দল কাজ করে পুরো ব্রাহ্মণবাড়িয়া জুড়ে।
জানা গেছে, গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার দামচাইল বাজারে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক ব্রাজিল সমর্থকের চাচা নওয়াব মিয়া (৬০) আহত হন। এরই জের ধরে ওই দিনই রাত সাড়ে ৯টার দিকে পাল্টা হামলায় আর্জেন্টিনার তিন সমর্থক জাকির মিয়া (৩২), সেলিম মিয়া (৪৫) ও সৈয়দাবুর রহমান (৩৫) আহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন সাংবাদিকদের বলেন, ‘খেলাকে ঘিরে এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাই নি।’