গ্রাহকদের প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের সব মালিককে আসামি করে কুমিল্লার জেলা আদালতে একটি মামলা করা হয়েছে।
রবিবার কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের আদালতে সাইফুল খান নামে একজন গ্রাহক মামলাটি দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ এফ মজুমদার নোমান রবিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলাটি শুনানি শেষে বিচারক বিষয়টি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আগামী ১১ নভেম্বরের মধ্য তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী সাইফুল খান জানান, মোটরসাইকেলসহ ভিন্ন ভিন্ন ধরনের পণ্য কেনার জন্য ই-অরেঞ্জকে টাকা দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময় পার হলেও তারা গ্রাহকদের পণ্য একদমই ডেলিভারি দিচ্ছে না। টাকা আটকে রেখে সকলের সাথে প্রতারণা করা হচ্ছে। এদিকে ই-অরেঞ্জ তাদের সব ধরনের অফিসিয়াল কার্যক্রম বন্ধ করে পালিয়েছেন। এমন অবস্থায় বাধ্য হয়ে আমার সার্কেলসহ ৩৯ জন গ্রাহকের পক্ষ নিয়ে আমি মামলাটি করেছি।
তিনি জানান, আমরা এ পর্যন্ত ই-অরেঞ্জকে মোট তিন কোটি ৯৬ লাখ ৮১ হাজার ৩১১ টাকা দিয়েছি।














