এক মাসের শিশুকে রেখেই আত্মহত্যা করলেন তিন সন্তানের জননী

0
খাগড়াছড়ি Khagrachhari

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সালমা আক্তার (২৭) নামের তিন সন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডাক্তারপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার পূর্ব খেদাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন লিটনের স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, স্বামী লিটন সকালে স্কুলের জন্যে বের হয়ে যাওয়ার পর বাড়ির রান্না ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সালমা। পরবর্তীতে সন্তানেরা মায়ের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক ডা. মিল্টন ত্রিপুরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মিল্টন ত্রিপুরা জানান, হাসপাতালে আনার অনেক আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।

এদিকে সালমার স্বামী মোহাম্মদ হোসেন লিটন জানান, একমাস আগে তার স্ত্রী তৃতীয় কন্যা সন্তানের জন্ম দেন। তৃতীয় সন্তানও কন্যা হওয়ার বিষয়টি জানার পর থেকেই সালমা মানসিকভাবে ভেঙে পড়েছিল। এজন্য তার মানসিক চিকিৎসাও চলমান ছিল।

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষেউ পরিবারের কাছে ওই নারীর মরদেহ হস্তান্তর করা হবে।