কদম আনতে গিয়ে ভীমরুলের কামড়ে মৃত্যু হলো রিয়ার

0
কদম আনতে গিয়ে ভীমরুলের কামড়ে মৃত্যু হলো রিয়ার

রবিবার হবিগঞ্জের মাধবপুরে পুকুরপাড়ে গাছ থেকে কদম ফুল আনতে গিয়ে ভীমরুলের কামড়ে রিয়া সরকার (৫) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় রিয়া ছাড়াও আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

রবিবার বিকালে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রিয়ার মৃত্যু ঘটে। এছাড়া অন্য দুই শিশু- চাদনী সরকার (১০) ও পল্লবী সরকার (৫) আহত অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্র মতে, গত শনিবার বিকালে উপজেলার দুর্গাপুর গ্রামের নৃত্যলাল সরকারের মেয়ে রিয়া সরকারসহ ৪জন শিশু প্রতিবেশী সুভাগ্য চক্রবর্তীর পুকুরপাড়ের একটি কদমগাছ থেকে ফুল আনতে যায়। এ সময় ঝোপঝাড়ে বাসা বাধা ভীমরুলের চাকে আঘাত লাগলে ভীমরুলেরা বের হয়ে শিশুদের কামড়িয়ে গুরুতর আহত করে।

খবর পেয়ে আত্মীয় স্বজনরা শিশু রিয়া, চাদনী,ও পল্লবীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসে। কিন্তু ওখানে থাকা কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি না করিয়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছু ওষুধ লিখে বাড়ি পাঠিয়ে দেন।

পরবর্তীতে রবিবার বিকালে ওই আহত শিশুদের অবস্থার অবনতি ঘটলে তাদের আবার হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু এরপরই রিয়া সরকার মারা যায়। এছাড়া বাকি দুই শিশুদের মধ্যে চাদনীকে স্থানীয় একটি ক্লিনিকে ও পল্লবীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।