গাজীপুরের শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করার সময় এক তরুণকে আটক করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সকালে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের গণি হাজী বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানা চরেরপাড় গ্রামের জাকির হোসেনকে (১৯) আটক করে এলাকাবাসী। তবে তার সহযোগী রাজন ও মজনু পলিয়ে যায়। তারা তিনজনই চন্নাপাড়া গ্রামের হাজী আলাউদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা আলহাজ মো. আতাবুল্লাহ বলেন, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে জাকির, রাজন ও মজনুকে কবরস্থানের পাশে ব্যাগ হাতে দেখতে দেখা যায়। এ সময় তাদের ব্যাগে কী আছে জানতে চাওয়াতে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে জাকির হোসেনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে দুটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ৪ মাস আগে স্থানীয় জহুরা খাতুন ও তিন বছর আগে আজিজুল ইসলামের স্বাভাবিক মৃত্যু হয়। তাদের কবর থেকেই কঙ্কাল চুরির চেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।














