করোনায় সিলেটে রিটার্নিং কর্মকর্তার মৃত্যু

0
সিলেট Sylhet

গত ৩ জুলাই সিলেট-৩ আসনের (ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ) উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনের সময় করোনায় আক্রান্ত হওয়া সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহা. ইসরাইল হোসেন (৫৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (২৫ জুলাই) বেলা পৌনে তিনটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সিলেট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, ২০১৮ সালে সিটি নির্বাচনের পর সিলেটে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে যোগ দিয়েছিলেন ইসরাইল হোসেন। এর পূর্বে তিনি ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

জানা যায়, সিলেট-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণার পর ২ জুন নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের মাধ্যমে এই উপনির্বাচনে ইসরাইল হোসেনকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে গত ৩ জুলাই এই দায়িত্ব পালনের সময়কালে ইসরাইলসহ তিনজন সহকারী রিটার্নিং কর্মকর্তা করোনায় আক্রান্ত হন।