কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মহরম আলী (৪২) নামের এক ব্যক্তি গতকাল শনিবার দুপুরের খাবার খেয়ে ঘর থেকে বের হওয়ার পর আর ঘরে ফিরেনি। এক দিন পর আজ রবিবার সকালে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের জোয়ারিয়া গ্রামের একটি নির্মাণাধীন সড়কের পাশে তার ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে ছিল। পরে খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এলাকার কয়েকজন স্থানীয়দের সূত্রে জানা যায়, মহরম আলীর বাড়ি উপজেলার চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামে। তার বাবার নাম ফতে আলী। তার সংসারে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। ৭ বছর তিনি প্রবাসে কাটিয়েছেন। ৮ বছর আগে দেশে ফিরে এসে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। এলাকার একটি অপরাধী চক্রের সঙ্গে তার সখ্য ছিল।
এ অবস্থায় গতকাল দুপুরে মহরম আলী খাবার খেয়ে বাইরে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে যান। সন্ধ্যার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই পরিবারের সদস্যরা তার খোঁজে বের হন। আজ সকাল বেলা রাস্তার পাশে পথচারীরা তার লাশ পড়ে থাকতে দেখেন।
নিহতের স্ত্রী লতিফা বেগম বলেন, ‘আমার স্বামী কৃষিকাজ ছাড়া কিছু করতেন না। কারও সঙ্গে বিরোধ আছে, তাও জানা ছিল না। কী কারণে দুর্বৃত্তরা তাকে খুন করেছে, তাও ধারণা করতে পারছি না।” এ ঘটনায় আজ রাতের মধ্যে তিনি বাদী হয়ে হত্যা মামলা করবেন বলে জানান তিনি।














