ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিজেদের ম্যাজিস্ট্রেট ও সার্জেন্ট পরিচয় দিয়ে মানুষকে হয়রানি করে চাঁদাবাজি করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার মামলা দিয়ে ওই দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই দুই যুবকের একজন জেলার নবীনগর উপজেলার বড়াইল আলগাহাটির মো. দুলাল মিয়ার ছেলে মো. রাকিব মিয়া (৩০) এবং অপরজন আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর নজরপাড়ার শফিকুল ইসলাম ওরফে শুক্কুর আলীর ছেলে মো. জাহিদ হাসান (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ পেট্রোল পাম্প সংলগ্ন রেলগেট এলাকায় একটি নীল রঙের মোটরসাইকেল রেখে একটি পিকঅাপের গতিরোধ করেন ওই দুই যুবক। এরপর কলাবোঝাই ওই পিকআপটিতে অবৈধ মাল আছে বলে তারা ২০ হাজার টাকা দাবি করেন পিকআপের চালক ও ব্যবসায়ীর কাছে।
এ সময় রাকিব মিয়া নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জাহিদ হাসান নিজেকে পুলিশের সার্জেন্ট বলে পরিচয় দেয় এবং টাকা না দিলে গাড়ি আটকিয়ে মামলা দেবে বলে চালক ও ব্যবসায়ীকে গ্রেফতারের হুমকি দেয়। পরে বাগবিতণ্ডার একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে আসে এবং ওই দুই যুবকের কথাবার্তায় সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর দেন।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, ওই দুই যুবকের বিরুদ্ধে পিকআপে থাকা কলা ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা এলাকার রহিম মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পরে দুপরে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।














