টানা ৪০ দিন টানা জামাতে নামাজ পড়ার পুরষ্কার হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জে সাত শিশুকে সাইকেল উপহার দেয়া হয়েছে। সোমবার (১৯ জুলাই) দুপুরে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বিজয়ীদের হাতে উপহার তুলে দেন বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিনসহ আরো অনেক মুসল্লিরা।
এরআগে প্রায় দুই মাস পূর্বে মসজিদ কমিটি ঘোষণা করে কোনো শিশু টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে আসলে তাকে একটি সাইকেল দেয়া হবে। তবে শর্ত হিসেবে তার অভিভাবককে এশা ও ফজরের নামাজ ছেলের সঙ্গে পড়তে হবে। পরবর্তীতে নির্ধারিত দিন থেকে প্রতিদিন মোট ১৭ শিশু এই প্রতিযোগিতায় অংশ নেয়। যাদের প্রত্যেকের বয়সই ১০ বছরের নিচে। তবে শেষ পর্যন্ত ৭জন শিশু ও তার অভিভাবক শর্ত যথাযথভাবে পূরণ করলে তাদেরকে সাইকেল উপহার দেওয়া হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয়া অবশিষ্ট ১০ শিশুকে বই, মগ ও জায়নামাজ ইত্যাদি উপহার দেওয়া হয়েছে।
সাইকেল পেয়ে ছোট্ট শিশু মাহদি মাসুম বলে, ‘আমি আর কখনোই নামাজ ছাড়বো না।’
অপরদিকে আহম্মেদ রেদুয়ান নামের অপর এক শিশু বলে, ‘আজকে সাইকেলটি আমার জীবনের সব থেকে বড় উপহার। আমার এতো খুশি আগে কখনোই হয়নি।‘
এ বিষয়ে উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিনের সাথে কথা বললে তিনি জানান, ‘বর্তমান সময়ে আকাশ সংস্কৃতির কারণে আমাদের শিশুরা ধর্মীয় ও নৈতিক শিক্ষা থেকে অনেকটাই পিছিয়ে পড়ছে। তাই আমরা শিশুদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে এমন ব্যতিক্রমধর্মী ঘোষণা দিয়েছিলাম।’
এদিকে অনুষ্ঠানে আসা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথির বক্তব্যে জানান, উনার রাজনৈতিক জীবনে বহু সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করলেও এমন ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান উনি আর আমি দেখেননি। এটি উনার জীবনের শ্রেষ্ঠ অনুষ্ঠান বলেও আনন্দিত প্রকাশ করেন।














