নৌকার ইঞ্জিনে মাথার চুল পেঁচিয়ে নিহত কিশোরী

0
নৌকার ইঞ্জিনে মাথার চুল পেঁচিয়ে নিহত হন এক কিশোরী

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় ভ্রমণে গিয়ে নৌকার ইঞ্জিনে মাথার চুল পেঁচিয়ে নিপা আক্তার (১৪) নামের এক কিশোরীর মৃত্যু ঘটে।

বুধবার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এমন ঘটনাটি ঘটে।

নিহত নিপা আক্তার কুমিল্লার বাঙ্গরা থানার ফুলপুর গ্রামের বাসিন্দা বাছির মিয়ার মেয়ে। সে কসবা উপজেলার শিমরাইল গ্রামে তার মামাতো বোনের বিবাহের অনুষ্ঠানে বেড়াতে এসেছিল।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার নিপার মামাতো বোনের বিয়ের অনুষ্ঠান। বিয়ে উপলক্ষে মা-বাবার সঙ্গে গত মঙ্গলবার বিকেলে উপজেলার শিমরাইল গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে ওই কিশোরী। বুধবার দুপুরে তার মামা জীবন মিয়ার ইঞ্জিনচালিত নৌকায় করে ভাইবোনদের সঙ্গে বাড়ির পাশে বিলে বেড়াতে যায়। নিপা ইঞ্জিনের কাছে বসেছিল।

এক পর্যায়ে সে পা পিছলে ইঞ্জিনের ওপর পড়ে যায়। এতে ইঞ্জিনে মাথার চুল পেঁচিয়ে নাক, মুখ থেঁতলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় বিয়েবাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

রাসেল মিয়া নামের নিহতের পরিবারের একজন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।