আজ বৃহস্পতিবার ভোরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ডাকাতের গুলিতে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। উপজেলার মৃধাডাঙ্গী গ্রামের আনসার ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মো. সাজ্জাদ মৃধা (৩০) ও সেন্টু মৃধা (২৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত জানান, গতকাল বুধবার আনসার ফকিরের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। ভোররাতে সেই বাড়িতে প্রথম ডাকাত দল হানা দেয়। ডাকাতরা বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
আনসার ফকিরের বাড়ির পাশেই সেন্টু ও সাজ্জাদের বাড়ি। ডাকাত দল ফিরে যাওয়ার সময় সাজ্জাদের বাড়িতেও হানা দেয় এবং দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তখন সেন্টু টের পেয়ে গ্রামের লোকজনকে ডাক দেয়। লোকজন এগিয়ে এলে ডাকাত দল দৌড়ে নদীর পাড়ের দিকে চলে যায়। লোকজনও পেছন পেছন ডাকাতদের তাড়া দেয়। তখন ডাকাতরা গুলি করে। এতে চারজন আহত হন।
ওসি জানান, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সাজ্জাদ ও সেন্টু মৃধাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।













