গত শনিবার যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) থাকা বন্দী শিশুরা কেন্দ্রের ভেতর প্রচুর ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল রাত ১০টা থেকে ২টা পর্যন্ত কেন্দ্রের আবাসিক ভবনে এই ঘটনা সংঘটিত হয়। এ সময় সিঁড়িঘরের দরজা ভেঙে ছাদে উঠে বিভিন্ন অপরাধে কেন্দ্রে আসা ৩ জন শিশু পালিয়ে গেছে বলে জানা যায়।
এই ঘটনায় আজ রবিবার যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামানকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে যশোর জেলা প্রশাসন।
এ বিষয়ে কথা বলতে গেলে কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন বলেন,
‘গত শনিবার রাতে শিশুরা কেন্দ্রের ভবনে ব্যাপক ভাঙচুর শুরু করে। প্রায় সারারাতই আমরা কেন্দ্রের ভেতরে ছিলাম। এ বিষয়টি সমাজ সেবা অধিদপ্তরের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’
শিশু উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টা থেকে কেন্দ্রের ভবনের দরজা বন্ধ করে ভাঙচুরের মাধ্যমে শিশুরা বিক্ষোভ শুরু করে। এ সময়ে তাঁরা কেন্দ্রের অন্তত ১০০টি বৈদ্যুতিক বাল্ব, ২টি টেলিভিশন, ৫০টির মতো পানির কল, ভবনের প্রধান দুটি কলাপসিবল ফটক, পানির পাইপ, তাদের শয়নখাট ও তাদের ব্যবহৃত প্লেট-গ্লাস ভাঙচুর করতে থাকে। এরপর একপর্যায়ে তারা সিঁড়িঘরের দরজা ভেঙে ছাদে ওঠে এবং এ লোহার রেলিং ভেঙে নিচে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তাতে তিনজন শিশু সফল হয়ে পালিয়েও যায়।














