স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়াই কাল হলো দম্পতির

0
স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়াই কাল হলো দম্পতির

বৃহস্পতিবার কুষ্টিয়ায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির আরও দুই যাত্রী আহত হয়েছেন বলেও জানা গেছে।

দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া-পাবনা মহসড়কের মিরপুর আট মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দম্পতির পরিচয়- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের মোস্তাফিজুরের ছেলে শিশির আহাম্মেদ শোভেল (২০) এবং তার স্ত্রী মেহের নিগার (২০)।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাস উদ্দিন জানান, পেশায় মিস্ত্রি শিশির আহম্মেদ তার অসুস্থ স্ত্রীকে ডাক্তার দেখাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের নিজ বাড়ি থেকে সিএনজিযোগে কুষ্টিয়ায় আসছিলেন। এ সময়ে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর আট মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা এসে সিএনজির চার যাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক শিশির এবং তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে। এছাড়া আহত দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, এই ঘটনায় ঘাতক মাইক্রোবাসের চালক পালিয়ে গেলেও মাইক্রোবাসটিকে আটক করেছে পুলিশ।