২৪ঘণ্টায় মৃত্যু কমলো করোনার হটস্পট খুলনায়!

0
করোনা Corona

খুলনায় করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে গতকাল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও উপসর্গে মৃত্যুর হার কমেছে। গত ২৪ ঘণ্টায় খুলনার তিন হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে।

জানা যায়, শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ছয়জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন সহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

এর আগে, গত শুক্রবার খুলনা শহরে সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ৮ ও ৭ জুলাই ২২ জন, ৬ ও ৫ জুলাই ১৭ জন, ৪ জুলাই ১৫ জন, ৩ ও ২ জুলাই ১১ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিনজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৮৮ জন। যার মধ্যে রেডজোনে আছেন ১১৫ জন, ইয়েলোজোনে ৩৩ জন, আইসিইউতে ২০ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মাত্র একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও চিকিৎসাধীন রয়েছেন ৭৬ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তিনজনের। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও প্রায় ১৩০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

এছাড়া খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছেন ডা. প্রকাশ দেবনাথ।

তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৪৫ শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৪৪ জন রোগী।