ময়মনসিংহের পণ্ডিতপাড়া এলাকায় করোনায় আক্রান্ত এক গর্ভবতী নারীর অক্সিজেন প্রয়োজন, দ্রুত অক্সিজেন নিয়ে ছুটে যান স্থানীয় স্বেচ্ছাসেবী ইউসুফ আলী ও তার দল। এই মহামারীতে এভাবেই এক বছরের বেশি সময় ধরে শহরের করোনায় আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে দলটি।
গত বছরের মে মাসে মাত্র ১টি সিলিন্ডার নিয়ে করোনা রোগীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন আলী ইউসুফ। ইউসুফ আলী পেশায় একজন মুদ্রণ ব্যবসায়ী। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন। কিন্তু করোনার এই দেড় বছরে তার পরিচয় একটাই, তিনি একজন স্বেচ্ছাসেবী কর্মী। সম্প্রতি ইউসুফ ও তার দল অক্সিজেন সেবা ছাড়াও করোনায় মৃত ব্যক্তির লাশ দাফনের কাজও করছেন। তারা অক্সিজেনের সিলিন্ডার থাকা সাপেক্ষে রাতে অথবা দিনে, যেকোনো সময় রোগীর বাড়ি কিংবা হাসপাতালে অক্সিজেন পৌঁছে দেয়। একটি সিলিন্ডার দিয়ে শুরু করলেও বর্তমানে তাদের সিলন্ডারের সংখ্যা বেড়ে এখন ৪২টি।
ইউসুফ আলী জানিয়েছেন, এই সিলিন্ডারের কোনোটিই তিনি নিজের টাকায় কিনেননি বরং শহরের একাধিক ব্যক্তি ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান তাকে এই সিলিন্ডারগুলো কিনে দিয়েছে। প্রথম দুটি সিলিন্ডার দিয়ে সহযোগিতা করেছে ময়মনসিংহের বহুরূপী নাট্য সংস্থা। আর সর্বশেষ গত বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমদাদুল হক চৌধুরী একটি সিলিন্ডার দিয়েছেন তাদের। এখন প্রতিদিনই অক্সিজেনের জন্য প্রচুর ফোন আসে তাদের। ০১৬১০৫৪৫৫১৬ নম্বরে যোগাযোগ করলেই তাদের দলের সদস্যরা অক্সিজেনের সিলিন্ডার পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।
করোনার একদম শুরু থেকেই ইউসুফ ও তার স্বেচ্ছাসেবক দলের বন্ধুরা তাদের কাজের ছবি ও খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে আসছিলেন। এতে করে সবার কাছেই পরিচিত হয়ে ওঠে অক্সিজেন সরবরাহে নিয়োজিত এই স্বেচ্ছাসেবক দলটি। এ নিয়ে ময়মনসিংহের সিভিল সার্জন মো. নজরুল ইসলাম বলেন, ‘করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করা খুব মহৎ কাজ। এ কাজে যারা যুক্ত আছেন, তাদের সবার প্রতি আমরা খুব কৃতজ্ঞ।’














