রাজশাহীর বাগমারায় পুকুর খননের সময় ৭০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তির সন্ধান পাওয়া যায়।
গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নরদাশপুর গ্রামের একটি সরকারি পুকুর খননকালে মূর্তিটির সন্ধান মিলে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক হোসেন বলেন, নরদাস ডিগ্রি কলেজের পাশে একটি পুকুরে প্রায় দেড় মাস ধরে সংস্কার কাজ চলছে। অন্যান্য দিনের মতো রবিবারও পুকুর থেকে বালু ও পানি উত্তোলনের কাজ চলছিল। বিকালে শ্রমিকরা খননকালে পুকুরে রাধাকৃষ্ণের একটি মূর্তি পায়।
খবরটি ছড়িয়ে পড়লে নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল ঘটনাটি পুলিশকে অবগত করলে পরবর্তীতে পুলিশ মূর্তিটি উদ্ধার করে।
২ ফুট উচ্চতা ও ১ফুট প্রস্থের মূর্তিটির ওজন প্রায় ৭০ কেজি। মূর্তিটি আদালতের মাধ্যমে পাহাড়পুর যাদুঘরে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।














