নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু। গতকাল সোমবার দুপুরে প্রতিবেশী দুই শিশু একসঙ্গে মেঘনার শাখা নদীতে গোসল করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে তিনটার দিকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুই শিশু হলো আলোকবালীর কাজীরকান্দি গ্রামের উত্তরপাড়ার আলাল শিকদারের মেয়ে তানহা (৭) ও তোফাজ্জল হোসেনের মেয়ে শিউলি (৭)। দুটি শিশুই স্থানীয় কাজীরকান্দি মডেল একাডেমিতে নার্সারি শ্রেণিতে পড়ত।
পরিবার ও স্থানীয় লোকজন জানিয়েছেন, দুপুর একটার দিকে তানহা ও শিউলি একসঙ্গে মেঘনার শাখানদীর ঘাটে গোসল করতে যায়। এ সময় স্থানীয় আরও কিছু লোকজন ওই ঘাটে গোসল করছিলেন। ওই দুই শিশুকে বেশ কিছুক্ষণ ধরে একসঙ্গে গোসল করতে দেখে ঘাটের লোকজন। কিছুক্ষণ পর জামাকাপড়, স্যান্ডেল ও সাবান ঘাটে পড়ে থাকতে দেখলেও তাদের দুজনকে আর দেখা যাচ্ছিল না। এতে সন্দেহ হলে ঘাটে গোসল করতে আসা কয়েকজন লোক শিশু দুটির বাড়িতে খোঁজ নেয়।
বাড়িতে না পেয়ে বেলা দুইটার দিকে তানহা ও শিউলির পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে নদীতে নামেন স্থানীয় লোকজন। এরপর ঘাটের নিচের দিকের একটি সিঁড়ির নিচে আটকে থাকা অবস্থায় ওই দুই শিশুকে উদ্ধার করা হয়। দ্রুত ওই দুই শিশুকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
আলোকবালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্ষাকাল চলায় গ্রামের সব দিকেই পানি। শিশু দুটি নদীর পানিতে গোসল করতে গিয়েছিল। ওই পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ আমীরুল হক জানান, “দুপুর সাড়ে তিনটার দিকে শিশু দুটিকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। মৃত ঘোষণা করার পর স্বজনেরা লাশ নিয়ে বাসায় ফিরে গেছেন।”














