ছেলের ঝগড়া থামাতে গিয়ে লাশ হলেন মা

0
লাশ হত্যা murder dead মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে ছেলের ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের ধাক্কায় জরিনা বেগম (৭০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একরামুলকে গ্রেফতার করেছে পুলিশ। 

ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের বিঞ্চুবল্লভ তেলিপাড়া গ্রামে। নিহত নারী ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী। 

উলিপুর থানার ওসি মো. ইমতিয়াজ কবির বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

ওসি মো. ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সূত্রের বরাতে আরও বলেন, নিহত জরিনা বেগমের বাড়ি যাওয়ার রাস্তায় একটি বড় গর্ত ছিল। সেই গর্ত ডিঙিয়ে প্রতিদিন অনেক কষ্ট করে আসা-যাওয়া করতে হতো অটোচালক পূত্র বাদশা মিয়াকে (৪০)। সমস্যার কারণে সোমবার সকালে রাস্তার গর্তের পাশে একরামুলের জমি থেকে মাটি কেটে গর্ত ভরাট করছিল বাদশা মিয়া। এতে বাধা দেয় একরামুল। 

এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। দুজনের ঝগড়া থামাতে সেখানে যান জরিনা বেগম। কথাকাটাকাটির একপর্যায়ে একরামুল জরিনা বেগমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ এসে জরিনা বেগমের মরদেহ উদ্ধার করে উলিপুর থানায় নিয়ে যায়। এ সময় অভিযুক্ত একরামুলকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পুলিশ।

তবে নিহতের ছেলে বাদশা মিয়ার দাবি, একরামুল জরিনা বেগমের গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেছে।