এবার দ্বিতীয় দফায় ভারত থেকে আসছে উপহারের আরো ৩০টি অ্যাম্বুলেন্স

0
এবার দ্বিতীয় দফায় ভারত থেকে আসছে উপহারের আরো ৩০টি অ্যাম্বুলেন্স

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ভারত সরকার যে ১০৯টি অ্যাম্বুলেন্স (লাইফ সাপোর্টসহ) উপহার দিচ্ছেন তার দ্বিতীয় চালানে্র ৩০টি অ্যাম্বুলেন্স এখন ভারতের পেট্রাপোলে অবস্থান করছে। বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়া মাত্রই এগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

ভারতীয় হাইকমিশন থেকে জানা যায়, ২০২১ সালের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে দেশের স্বাস্থ্যসেবায় বিশেষ করে কোভিড-১৯ মহামারি মোকাবিলার জন্য বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই পরিপ্রেক্ষিতে ৩০টি অ্যাম্বুলেন্স এখন পেট্রাপোলে এসেছে ; যা বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পরপরই ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
এছাড়া বাকি অ্যাম্বুলেন্সগুলোও সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে পৌঁছাবে বলে আশা করছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, ভারত থেকে ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দর দিয়ে আসার জন্য উত্তরা মোটরসের নামে বৃহস্পতিবার বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখায় গেটপাস (আইজিএম) করা হয়েছে।
জানা যায়, ভারত সরকার কর্তৃক উপহারের প্রথম অ্যাম্বুলেন্সটি (একটি) দেশে পোঁছায় চলতি বছরের ২১ মার্চ।

এছাড়া উপহার হিসেবে আসা এসকল অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা অর্থাৎ কার্ডিয়াক রোগী বহনের সুবিধা আছে বলেও জানা যায়।