আজ বুধবার ভোরে কিশোরগঞ্জের ভৈরবে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোহাগ নামে একজন নিহত হয়েছেন। তবে তার আগে পুলিশের হাতে গ্রেফতার হন সোহাগ। পুলিশের দাবি, নিহত সোহাগ ডাকাত দলের সদস্য।

ঘটনাস্থল থেকে দুটি রামদা, একটি ছুরি, একটি চাপাতি, একটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের এএসআই হাবিবুল্লাহ ও কনস্টেবল আবদুল ওয়াহাব। তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভৈরব থানার ওসি মোখলেসুর রহমান জানান, ডাকাত সোহাগকে গ্রেপ্তারের পর রাতে তাকে নিয়ে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। সেসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সোহাগের সহযোগীরা। এতে সোহাগসহ পুলিশ সদস্যরা আহত হন। সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
সোহাগের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক মামলা রয়েছে।












