কাতালুনিয়ার স্বাধীনতা প্রশ্নে বরাবরই উচ্চকণ্ঠ স্পেনের ডিফেন্ডার জেরার্ড পিকের। গণভোটে ভোট দিয়েছেন। নিজের রাজনৈতিক মতাদর্শের কারণে সব সময়ই নিজের অবস্থানে অটুট এই ফুটবলার।

কিন্তু এই গণভোটকে আইনবিরুদ্ধ বলছে স্পেনের সরকার। এসব কারণে সমালোচনার শিকারও হয়েছেন বার্সেলোনার এই ডিফেন্ডার। মাদ্রিদে সোমবার জাতীয় দলের অনুশীলনের সময় কিছু সমর্থকের দুয়ো শোনেন পিকে। তাকে উদ্দেশ্য করে উসকানিমূলক বার্তা লেখা বেশ কয়েকটি ব্যানারও প্রদর্শন করা হয়।
তবে সবকিছু উপেক্ষা করে পিকের পাশে দাঁড়িয়েছেন স্পেনের কোচ হুলেন লোপেতেগু।
জাতীয় দল থেকে পিকের সরে দাঁড়ানোর শঙ্কা উড়িয়ে দিয়ে এই কোচ বলেন, সে আমাদের সঙ্গেই থাকবে। আমি পরিষ্কার করে বলতে চাই, সে খুব ভালো আছে এবং শান্ত আছে। জাতীয় দলের জন্য সে কোনো সমস্যা না। সে চমৎকার একজন ফুটবলার।
উল্লেখ্য, গত রোববার লাস পালমাসের বিপক্ষে বার্সেলোনার ৩-০ গোলের জয়ের পর পিকে জানিয়ে দেন, আমার মতো অনেকেই গণতন্ত্রে বিশ্বাস করেন এবং এ রকম সহিংস ঘটনার বিরোধিতা করেন। তারপরও যদি কেউ মনে করে, আমি ফেডারেশনের জন্য সমস্যা তাহলে বিশ্বকাপের আগেই আমি জাতীয় দল থেকে সরে দাঁড়াবো।
আগামী শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মাঠে আলবেনিয়ার মুখোমুখি হবে স্পেন।













