বৃদ্ধের কাছে পাওয়া গেল ৩৩ স্বর্ণের বার

0
বৃদ্ধের কাছে পাওয়া গেল ৩৩ স্বর্ণের বার

সোমবার কক্সবাজারের উখিয়ায় সীমান্ত থেকে ৩৩ স্বর্ণের বারসহ জয়নাল আবেদীন (৬৫) নামের এক রোহিঙ্গা বৃদ্ধকে গ্রেফতার করেছে বিজিবি।

উপজেলার পালংখালী ইউনিয়নের টিভি টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় বিজিবি।

জানা যায়, গ্রেফতার জয়নাল আবেদীন নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে শূন্য রেখায় বসবাস করেন।

এ বিষয়ে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সূত্রের ভিত্তিতে ৩৪ বিজিবির তমব্রু বিওপির সদস্যরা উখিয়ার পালংখালী ইউনিয়নের টিভি টাওয়ার এলাকায় অবস্থান নেয়। পরে ভোর সাড়ে ৬টার দিকে এক রোহিঙ্গা বৃদ্ধ মিয়ানমার সীমান্ত থেকে কুতুপালংয়ের দিকে পায়ে হেঁটে যাওয়ার সময়ে তাকে সন্দেহ হলে আটক করে তার দেহ তল্লাশি করা করে বিজিবি। এ সময়ে তার কোমরে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকিয়ে রাখা ৩৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়; যার আনুমানিক মূল্য ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।

তিনি আরও জানান, আটক বৃদ্ধের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণের বার কক্সবাজার ট্রেজারি অফিসে জমা দেয়ার কার্যক্রম চলছে বলেও জানান তিনি।