পরোকীয়ার অপরাধে ন্যাড়া করে ভিডিও ভাইরাল

0
ব্রাহ্মণবাড়িয়া Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘পরকীয়ায় জড়ানোর’ অভিযোগে এক নারীর মাথা ন্যাড়া করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে রাশিদা বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী ওই নারীর (৪৫) বাড়ি বরিশালে হলেও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সুহিলপুরে একজনের সঙ্গে বিয়ের পর থেকে এখন সেখানেই বসবাস করছেন তিনি। অবশ্য ভুক্তভোগীর স্বামী আগেই মারা গেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র হতে জানা যায়, স্বামীর মৃত্যুর পর উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মেরাজুলের (৩৫) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ওই নারী। বিষয়টি মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার জানতে পারলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই দাম্পত্য কলহের সৃষ্টি হতে শুরু করে। পরে ২২ জুলাই ওই নারীকে মোবাইল ফোনে তার বাবার বাড়ি ডাকেন তানজিনা আক্তার। ওই নারী সেখানে গেলে তানজিনা ও তার বোন রাশিদাসহ আরও কয়েকজন মিলে ওই নারীকে মারধর করেন এবং ব্লেড দিয়ে তার মাথা ন্যাড়া করে দেন ও সম্পূর্ণ ঘটনাটির ভিডিও করে রাখেন। পরবর্তীতে বৃহস্পতিবার ফেসবুকে সেই ভিডিও ছেড়ে দেন তারা।

এ বিষয়ে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, ‘ঘটনাটি জানতে পেরে আমরা অভিযান শুরু করেছি। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তানজিনার বোন রাশেদা বেগমকে আমরা গ্রেফতারও করেছি। এছাড়া আমরা কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। জড়িত অন্যদের গ্রেফতারেও আমাদের তৎপরতা চলছে।’