ব্রাহ্মণবাড়িয়া জেলার এক হাসপাতালে পুলিশকে ছুরি ধরে আঘাত করে পালিয়েছেন মাদকাসক্ত এক যুবক। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে এমন ঘটনাটি ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের স্টাফ ও উপস্থিতদের সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে দুইজন পুলিশ সদস্য এক যুবককে ওয়ার্ডে নিয়ে আসেন। সেই যুবক রক্তাক্ত অবস্থায় ছিল। ভর্তির কাগজ ওয়ার্ডে জমা দেওয়ার আগেই ওই যুবক একটি ছুরি নিয়ে পুলিশের উপর হামলা চালায়।
পুলিশ সদস্যটি প্রাণে বেঁচে ওয়ার্ডের বাইরে গিয়ে কল্যাপ্সিবল গেইট লাগিয়ে ফেলেন। এ সময় ওই তরুণ সার্জারি ওয়ার্ডের ভেতরে থাকা অপর পুলিশ সদস্যকে ছুরি ধরে হামলা করে। এ অবস্থায় ভর্তি থাকা অন্য রোগী ও তাদের স্বজনরা প্রচন্ড ভীত হয়ে পড়েন।
অতঃপর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এক সদস্য আসলে গেইটের বাইরে থাকা পুলিশ সদস্যটি গেইট খুলে ওয়ার্ডের ভেতরে আসার সুযোগে সেই যুবক পালিয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির পুলিশ এক যুবককে নিয়ে আসে। রেজিস্ট্রারে তার নাম মোঃ রুবেল (২২), বাড়ি সিলেট জেলার সদর উপজেলার দেলোয়ারের ছেলে উল্লেখ্ করে নথিবদ্ধ করে।
এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক রোমান খান গণমাধ্যমকে জানান, রেলওয়ে স্টেশন এলাকায় একটি ছেলেকে আহত অবস্থায় দেখে পুলিশ। ছেলেটি ভবঘুরে ও মাদকাসক্ত ছিল। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখান থেকে ওই ছেলে পালিয়ে যায়। ছেলেটিকে খোঁজ করে এখনও পাওয়া যায়নি।














