ফেনী জেলায় পুলিশের ইয়াবা পাচার মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
বুধবার ফেনীর ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ সৈয়দ কায়সার মোশাররফ ইউসুফের আদালতে সাক্ষ্য দেন ম্যাজিস্ট্রেটরা।
ফেনী জেলা জজ কোর্টের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা জহির আহমদ মজুমদার গণমাধ্যমকে বলেন, আলোচিত এ মামলায় ৩জন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তৎকালীন সময়ে ফেনী জেলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেছেন তারা। তাই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়।
সাক্ষীরা হলেন-কক্সবাজার জেলা জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকী, ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন ও চট্টগ্রামের সাতকানিয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ দেলোয়ার হোসেন ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল মুহুরী ফিলিং স্টেশনের সামনে একটি প্রাইভেটকার থেকে ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ও নগদ ৭ লাখ টাকাসহ পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান ও গাড়ি চালক জাবেদ আলীকে আটক করে র্যাব-৭ এর একটি দল। অতঃপর র্যাবের নায়েক সুবেদার মনিরুল ইসলাম বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।
ফেনী জেলা জজ কোর্টের পিপি হাফেজ আহাম্মদ গণমাধ্যমকে জানান, ২৭ কোটি ২০ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধারের আলোচিত এ মামলার তদন্তকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময়ে মোট ৯ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে পুলিশের এএসআই মো. মাহফুজুর রহমান, জাবেদ আলী , তোফাজ্জল হোসেন, কাশেম আলী ও গিয়াস উদ্দিন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ তদন্তের পর সিআইডি পরিদর্শক মো. ইউছুফ মিয়া এ মামলায় মোট ১৪ জনকে আসামী করে আদালতে চার্জশিট জমা দেন।














