আন্দোলন ও নির্বাচন দুটোর জন্যই বিএনপি সমানভাবে প্রস্তুত আছে বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এখানে কোন রকম কম্প্রোমাইজ করার সুযোগ নেই।

গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের যুদ্ধ হল ক্ষমতায় ঠিকে থাকার আর আমাদের যুদ্ধ হল জনগণের কাছে হারানো গণতন্ত্র ফিরিয়ে দেয়া। বিএনপিকে ক্ষমতায় যেতেই হবে এমন কথা কখনও বিএনপি বলে না, ভাবেও না। কারণ, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন আর বেগম খালেদা জিয়া সেটিকে বিকশিত করেছেন। গণতন্ত্রকে উদ্ধার করে জনগণের কাছে ফিরিয়ে দেয়াই হল আমাদের সংগ্রামের মূল লক্ষ্য।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।














