অলৌকিকভাবে কোলে থাকা শিশু বেঁচে গেলেও প্রাণ গেল মায়ের

0

মাগুরার মহম্মদপুর উপজেলায় খাদিজা বেগম (২২) নামে এক ইরাক প্রবাসীর স্ত্রী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ সময় ভাগ্যক্রমে নিহতের কোলে থাকা ৬ বছরের কন্যাশিশু মিম প্রাণে বেঁচে যায়।

উপজেলার রাহাতপুর সুইচগেটসংলগ্ন নহাটা-রাজাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।দূর্ঘটনায় নিহত খাদিজা রাজাপুর ইউনিয়নের রাহাতপুর গ্রামের ইরাক প্রবাসী স্বাধীন মল্লিকের স্ত্রী।

এ ঘটনায় পলাতক চালক ও হেলপার । ঘাতক ট্রাকটি জব্দ করেছে মহম্মদপুর থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্বাধীনের বড় ভাই মো. জামাল মল্লিক জানান, নিহত খাদিজা মেয়েকে নিয়ে নহাটাবাজারে ডাক্তারের পরামর্শ নিতে যান। সেখান থেকে তিনি খাদিজার স্বজন আকবর সরদারের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

এ সময় রাজাপুরের রাহাতপুর সুইসগেটসংলগ্ন এলাকায় পৌঁছলে বৃষ্টিতে ভেজা রাস্তায় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক সাইড দিতে গেলে মোটরসাইকেল স্লিপ করে। এতে করে পেছনে বসে থাকা খাদিজা ও কন্যাশিশু মিম রাস্তার মাঝখানে ছিটকে পড়ে যায়। সেখানে খাদিজা চলন্ত ট্রাকের সামনের চাকায় পিষ্ট হয় এবং কোলে থাকা কন্যাশিশু মিম পাশের একটি ধান ক্ষেতে গিয়ে আছড়ে পড়ে।

ঘটনাস্থলে পিষ্ট হওয়া নারী মারা গেলেও শিশুটি ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায়। শিশুটি পুরোপুরি সুস্থ আছে। মায়ের রক্তাক্ত মরদেহ সড়কে পড়ে থাকতে দেখে অবুঝ শিশু মিম মা মা করে অঝরে কাঁদতে থাকে। পরে এলাকাবাসী এসে শিশুটিকে ও মোটরসাইকেলচালককে উদ্ধার করে।

এ ঘটনায় মহম্মদপুর থানার ওসি মো. নাসির উদ্দীন জানান, ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।